রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই মুহূর্তে সিরিয়ায় সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে সিরিয়া সরকারকে যে সহযোগিতা করছে রাশিয়া, তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের পরিপ্রেক্ষিতে পুতিন এ কথা বলেন।
স্কাই নিউজ অনলাইনের খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতিসংঘে আজ সোমবার ভাষণ দেওয়ার কথা রয়েছে পুতিনের। এরপর তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন।
রোববার যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেন পুতিন। ওই সাক্ষাৎকারে তিনি সিরিয়া ইস্যুতে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
পুতিন বলেন, সিরিয়া বা অন্য কোনো দেশে স্থলসেনা মোতায়েনের কোনো পরিকল্পনা আপাতত আমাদের নেই।
এদিকে সোমবার ওবামা-পুতিনের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে, তা জানাতে চাননি দুই দেশের কর্মকর্তারা।
এসএইচ





