ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিন্দেরপুরে বোমা বানাতে গিয়ে দুই তৃণমূল কর্মী নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য মনোয়ার শেখের নেতৃত্বে চলছিল বোমা বানানোর কাজ। তবে তৃণমূলের ওই নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার করেছে।
এর আগে গত ২২ জানুয়ারি বীরভূমের খয়রাশোলে বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছিল এক তৃণমূল নেতার বাড়ি। মৃত্যু হয়েছিল ওই নেতার দুই ভাইয়ের।





