পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে অশান্ত সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে রুশ-মার্কিন মধ্যস্থতায় দেশটিতে চলছে সাময়িক যুদ্ধবিরতি। তবে এর মধ্যেও চলছে সংঘর্ষ। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গত ২৩ দিনে সিরিয়াতে মারা গেছে ৫৩০ জন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এছাড়া যেসব এলাকা যুদ্ধবিরতি চুক্তির আওতার বাইরে সেসব এলাকায় মারা গেছে এক হাজার ২৭৯ জন বলেও জানিয়েছে সংস্থাটি।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিটির আওতার বাইরে রয়েছে ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদার সাথে সম্পৃক্ত আল নুসরা ফ্রন্ট।

সিরিয়াতে গত পাঁচ বছরে ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে দুই লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ এবং গৃহহারা হয়েছে কমপক্ষে আরো কোটি মানুষ। এসওএইচআর জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন মৃতের সংখ্যা উদ্বেগজনক হলেও দেশটিতে সহিংসতার পরিমাণ কমে এসেছে। আর এই যুদ্ধবিরতির ফলে বিভিন্ন অবরুদ্ধ এলাকাতেও ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে।

ওএফ