মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে গেছে সশস্ত্র সংঘাত। দেশটির বিভিন্ন শহরে গত ৩ দিনে (৭২ ঘণ্টায়) ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (০২ জুলাই) থেকে রোববার (০৪ জুলাই) পর্যন্ত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এই খবর দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন।
গান ভায়োলেন্স দাবি করেছে, তালিকা এখনও সম্পর্ণ নয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্যের পুলিশ। স্বাধীনতা দিবসের উৎসবের মাঝে যুক্তরাষ্ট্রে রক্তাক্ত এই সংঘাতের ঘটনা বিরল।
সিএনএনের প্রতিবেদন বলছে, শুধু নিউইয়র্কেই শুক্রবার থেকে রোববার পর্যন্ত ২১ জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২৬ জন ভূক্তভোগী হয়েছেন। স্বাধীনতা দিবস ০৪ জুলাই ১২ জায়গায় গোলাগুলি হয়েছে। এতে ১৩ জন ভুক্তভোগী হয়েছেন।
অবশ্য আগের বছর ২৫টি ঘটনায় গুলি করা হয় ৩০ জনকে। এ কথা জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। এর মধ্যে ০৪ জুলাই ১২টি ঘটনায় গোলাগুলির শিকার হয়েছে ১৩ জন। গত বছর একই দিনে ৮টি ঘটনায় ভুক্তভোগী হয় ৮জন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে গোলাগুলি বেড়েছে বলে জানানো হয়।
পুলিশ বলছে, গত বছরের এই সময়ের চেয়ে ৪০ ভাগ সহিংসতা বেড়েছে। আর ৭৬৭টি ঘটনায় আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন।
এমবি





