মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমানের অনুসন্ধানে ১০টি স্যাটেলাইট মোতায়েন করেছে চীন। স্যাটেলাইটগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন রেজ্যুলেশন কাজে লাগাবে। মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মির বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।
স্যাটেলাইটগুলো পৃথিবীর ইমেজ ধারণ করে তা বিশ্লেষণ করে দেখবে। তাছাড়া আলোর প্রতিফলনের মাধ্যমেও সাগরের তলদেশে বিমানটিকে খোঁজা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে ক্রুসহ ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান ভিয়েতানাম উপকূলের কাছে দক্ষিণ চীন সাগরে হারিয়ে যায়। এখনো পর্যন্ত বিমানটির কোন খোঁজ পাওয়া যায়নি। বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ে উড়ে যাচ্ছিল। বিমানটিতে প্রায় দেড় শতাধিক চীনা যাত্রী ছিল।
বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই মালয়েশিয়াসহ ১০টি দেশের কয়েক ডজন বিমান ও নৌযান অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কিন্তু কোন হদিস পাওয়া যায়নি বিমানের।
চীনের মোতায়েন করা স্যাটেলাইটগুলো বিমান নিখোঁজের এলাকার আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা ও অনুসন্ধানকারী নৌযান ও বিমানগুলোকে সহায়তা করবে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]