প্রায় দুই মাস ধরে চলমান গণবিক্ষোভে চার শতাধিক মানুষের প্রাণহানির পর অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি।

দেশটির সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

এর আগে জুমার খুতবায় প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি। এর এক ঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা জানান আদেল আবদুল মাহদি।

বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া তরান্বিত করতে যতো দ্রুত সম্ভব আমি সংসদকে আমার পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানাবো।

কবে নাগাদ আদেল আব্দুল-মাহদি পদত্যাগ করবেন, বিবৃতিতে তার উল্লেখ নেই। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী রোববার জরুরি ভিত্তিতে সংসদ বসবে বলে জানা গেছে।

চলতি বছরের ১ অক্টোবর কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতির অবসান ও উন্নত সেবার দাবিতে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত চার শতাধিক নিহত ও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীকালে ব্যাপক সহিংস হয়ে ওঠে এ বিক্ষোভ। এরই সূত্রে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারী ও সরকারি বাহিনীর মধ্যে একের পর এক সংঘর্ষ হতে থাকে। জুমার খুতবায় সরকার পরিবর্তন না হলে এ পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেবে বলে খুতবায় সতর্ক করে দেন সিসতানি।

৭৭ বছর বয়স্ক আবদুল মাহদি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায়ই বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবার দুরবস্থার কারণে জনঅসন্তোষে পড়তে হয় তার সরকারকে।

এমএম