জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে পিয়ংইয়ং।
পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ং’এর বিরুদ্ধে প্রস্তাব নেয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের সমালোচনা করে দেশটি।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ বিবৃতি দেয়।
এতে বলা হয়েছে, আমেরিকা এবং তার অনুসারীরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারো একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে আত্ম রক্ষার স্বার্থে গৃহীত উত্তর কোরিয়ার পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে বলে দাবি করা হয়।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, আত্ম মর্যাদা এবং সম্মান হানিকর হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পরিষ্কার ভাষায় এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলেও কেসিএনএ জানায়।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ধারাবাহিক তিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ।
এ ছাড়া পিয়ংইয়ং এর এ পদক্ষেপকে নিরাপত্তা পরিষদের পূর্ববর্তী প্রস্তাবের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছিল।
এফএফ





