নেপাল সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার কাঠমান্ডুতে বলেছেন, চীন, নেপাল ও ভারতের মধ্যে সহযোগিতা জোরদার এবং তাদের অভিন্ন উন্নয়নে জোর প্রচেষ্টা চালাতে হবে।

দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকের পর নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াং বলেন, নেপাল ও ভারত চীনের ভাল বন্ধু ও প্রতিবেশী দেশ। চীন আশা করে যে, চীন ও নেপালের মধ্যকার সম্পর্ক এবং চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের সুষ্ঠু বিকাশ ঘটবে।

ওয়াং বলেন, চীন ও ভারতের মধ্যকার সম্পর্কে গতি সঞ্চার হয়েছে এবং দু’দেশ বিভিন্ন ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করছে। তিনি আরো বলেন, নেপাল ও ভারতের মধ্যে দৃঢ় সম্পর্ক দেখে চীন খুশি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুবিধাজনক অবস্থানের কারণে নেপাল চীন ও ভারতের মধ্যে এবং চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।

ওয়াং বলেন, চীন উপযুক্ত সময়ে নেপাল, ভারত ও চীনের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে ইচ্ছুক। তারা পরস্পরের ভাল বন্ধু ও প্রতিবেশী দেশ হওয়ায় এ তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং অভিন্ন উন্নয়নে প্রচেষ্টা চালানো উচিত যাতে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।

এমএ