ভারতে নৌবাহিনীর এক জাহাজ ডুবে একজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন। বিশাখাপত্তমের উপকূলে বুধবার রাতে জাহাজটি ডুবে যায়। ইতোমধ্যে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধারকাজ। খবর এনডিটিভি'র।
‘টর্পেডো রিকোভারি ভিসেল’নামের জাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৩৭০ মিটার গভীরে ডুবে যায়। ১৯৮৩ সালে গোয়া শিপইয়ার্ড লিমিটেড ২৩ মিটার লম্বা ও ৬.৫ মিটার চওড়া এই জাহাজটি তৈরি করে।
দুর্ঘটনার খবর পেয়ে সিসিলি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন নৌবাহিনীর প্রধান আরকে ধোয়ান। সাবেক নৌপ্রধান ডিকে জোসির পদত্যাগের পর চলতি বছরের গত ১৭ এপ্রিল তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ভারতে এ বছর বেশ কয়েকটি নৌবাহিনীর জাহাজ দুর্ঘটনায় পড়ল। এসব দুর্ঘটনার জের ধরেই পদত্যাগ করেছিলেন জোসি।
এমএ





