মেক্সিকোর দক্ষিণের অঙ্গরাজ্য গুয়েরিরোর একটি গিরিখাত থেকে কমপক্ষে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে এসব মৃতদেহ চিচিহুয়ালকো গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। ‘ নয়টি মৃতদেহ ঠিকঠাক থাকলেও আটটি মৃতদেহ ছিল অর্ধদগ্ধ।’ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।
এসব মৃতব্যক্তির নাম,পরিচয়, বয়স কোনোটাই জানা সম্ভব হয়নি। ঠিক কতোদিন আগে তাদের মৃত্যু হয়েছে, কর্মকর্তারা সে ব্যাপারে কিছুই বলতে পারেননি। মৃতদেহগুলি একটি গিরিখাতের মধ্যে পাথরের আড়ালে ও সংকীর্ণ একটি খাতে লুকিয়ে রাখা ছিল বলে জানিয়েছে মেক্সিকোর সংবাদমাধ্যমগুলি। তদন্তকারী কর্মকর্তরা এসব মৃতদেহের ডিএনএ সংগ্রহ করেছেন। গুয়েরিরো থেকে এর আগে নিখোঁজ ৬৩৯ জনের সঙ্গে তাদের ডিএনএ মিলিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, গুয়েরিরো প্রদেশটি মাদকপাচারকারীদের আখড়া হিসেবে বিবেচিত। রাজ্যের বিভিন্ন স্থানে প্রায়েই গোপন কবর খুঁজে পাওয়া যায়, যেগুলোতে একটি থেকে একাধিক মৃতদেহের সন্ধান মেলে। এই অঙ্গরাজ্য থেকেই গত বছর সেপ্টেম্বরে ৪৩ জন ছাত্র-শিক্ষক অপহৃত হয়েছিল। এদের মধ্যে মাত্র একজনের মৃতদেহের খোঁজ মিললেও বাকীদের এখনো কেনো খোঁজ পাওয়া যায়নি।

এমএম