হুমকির মুখে বন্ধ হয়ে যাওয়া জার্মানির একটি বার্গারের দোকানে আবারও ‘এরদোগান বার্গার’ বিক্রি শুরু হবে। তুর্কী প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোগানের নামে এই বার্গারের বিক্রি শুরু হয়েছিল। কিন্তু ফেসবুকে হুমকির মুখে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

তুর্কী প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে ‘ছাগলের চীজ’ দিয়ে তৈরি এই বার্গার বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

জার্মানিতে এক কমিকে রেচেপ তাইয়িপ এরদোগানকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছিল। এর বিরুদ্ধে তিনি মামলা করেন।

এ ঘটনার পর জার্মানিতে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিরাট বিতর্ক শুরু হয়। আর তারপরই কোলন শহরের এই বার্গার বারে ‘এরদোগান বার্গার’ বিক্রি শুরু হয়।

দোকানটির মালিক জোয়ের্গ টিম্যান জানিয়েছেন, তাদের মেনুতে ‘এরদোগান বার্গার’ সবচেয়ে বেশি জনপ্রিয়। এটি আসলে একটি ক্লাসিক হ্যামবার্গার। এতে কেবল যোগ করা হচ্ছে ছাগলের চীজ।

জোয়ের্গ টিম্যান জানিয়েছেন, যতদিন লোকে পছন্দ করবে, ততদিন তারা ‘এরদোগান বার্গার’ পরিবেশন করে যাবেন।

যে ব্যঙ্গ কবিতার কারণে প্রেসিডেন্ট এরদোগান ক্ষিপ্ত হয়েছিলেন, তাতে ছাগল এবং ভেড়ার সঙ্গে যৌন সম্পর্কের ইঙ্গিত ছিল।

উল্লেখ্য, প্রেসিডেন্ট এরদোগানের ইসলামপন্থী একে পার্টি যেভাবে তুরস্কে বিরোধী মত দমন করছেন, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা বাড়ছে।

জোয়ের্গ টিম্যান জানিয়েছেন, ফেসবুকে অনেকে তার দোকানের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন যে সেখানে ‘নেকড়ে’ লেলিয়ে দেয়া হবে।

এমআর