পাকিস্তানের পর এবার ভারতকে হামলার লক্ষ্যবস্তু বানাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানি তালেবানের একটি গ্রুপ। বুধবার এই হুঁশিয়ারি দেয় পাকিস্তান তালেবানের 'তেহরিক-ই-তালেবান পাকিস্তান জামাত আহরার' (টিটিপি-জেএ) নামের এই গ্রুপ।

ভারত-পাকিস্তানের ওয়াগাহ সীমান্তের কাছে তালেবানের এই গ্রুপটির হামলাতেই গত রোববার ৫৭ জন নিহত হন। টিটিপি-জেএ'র একজন আত্মঘাতী হামলাকারী ওয়াগাহ সীমান্তে এই হামলা চালান। হামলাস্থলটি ভারত সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। খবর রয়টার্সের।

টিটিপি-জেএ'র মুখপাত্র ইহসানুল্লাহ ইহসান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তানের মতোই ভারতেও হামলা চালানো হবে।

অজ্ঞাত স্থান থেকে তিনি রয়টার্সকে টেলিফোনে বলেন, "আমি ইতোমধ্যে মোদীকে এই বার্তা দিয়েছি যে, আমাদের আত্মঘাতী হামলাকারীরা যদি সীমান্তের এপারে হামলা চালাতে পারে, তাহলে ওপারে গিয়েও খুব সহজেই হামলা চালাতে পারবে।"

তিনি টেলিফোনে আরও বলেন, "আমি তাকে (মোদীকে) বলেছি যে, তার হাত কাশ্মীরের মুজাহিদ এবং গুজরাটের অসহায় মুসলিমদের রক্তে রঞ্জিত। এর মূল্য তাকে পরিশোধ করতে হবে।"

এর আগেও টিটিপি-জেএ মুখপাত্র ইহসানুল্লাহ ইহসান এক টুইটার বার্তায় একই কথা জানিয়েছেলেন। টুইটার বার্তাটি ইহসানের বলেই নিশ্চিত হতে পেরেছে ভারতের গোয়েন্দা সংস্থা।

রোববারের হামলার বিষয়ে ইহসানুল্লাহ জানান, পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তান সরকারের পতন ঘটিয়ে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে এসব হামলার লক্ষ্য।

উল্লেখ্য, চলতি বছর পাকিস্তানের তালেবানদের মূল সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে টিটিপি-জেএ একটি। এই গ্রুপটির সাথে আল কায়েদার গভীর সংযোগ রয়েছে বলে ধারণা। টিটিপি-জেএ প্রধান গ্রুপ টিটিপি'র সমালোচনা করে জানিয়েছে, টিটিপি শুধুমাত্র পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় কর্মকাণ্ড সীমাবদ্ধ করে রেখেছে। টিটিপি-জেএ শুধু উপজাতীয় এলাকা নয়, বরং সমগ্র দেশজুড়ে হামলার পক্ষপাতী।

এমএ