বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এসব হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার প্রথম ধাপে পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর দক্ষিণাঞ্চলের নবাতিয়েহ এলাকার কাছে আরেক দফা হামলায় আরও দুজন নিহত হন।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকাগুলোয় তীব্র বোমা হামলা চালায়। নিহতদের মধ্যে একজন প্রবীণ নারীও রয়েছেন।

এ ছাড়া লেবাননের উত্তর-পূর্বাঞ্চলের হারমেল পর্বত এলাকাতেও দুটি বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা লেবাননের পূর্ব ও উত্তরাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, এসব হামলায় “সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত কয়েকটি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির” লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য জানানো হয়নি।

এনএইচ