পুলিশ কর্মীদের ওপর হামলা চালিয়ে খুনের চেষ্টা করার অভিযোগে ৯ মাসের এক শিশুকে জেলে ঢুকিয়েছে পাকিস্তান পুলিশ। মুসা নামের ওই শিশুটিকে আদালতে হাজির করা হলে টিপসইও নেয় আদালত।
শুধু তাই নয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাফাকত আলী শিশুটিকে ১২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করলেও তার বিবৃতি রেকর্ড করতে নির্দেশ দেন! অথচ শিশুটি কোনো কথাই বলতে পরে না।
জানা গেছে, লাহোরের মুসলিম টাউন এলাকায় অভিযানের সময় পুলিশ কর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা মামলায় মুসা ও তার বাবা আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে তোলা হলে কৌঁসুলি ইরফান জানান, শিশুটিকে পরবর্তী শুনানির দিন আবারও আদালতে আনা হবে। তখন পুলিশ শিশুটিকে নির্দোষ বলে ঘোষণা দিলেই ওর জামিন হবে।
সংশ্লিষ্ট থানার পুলিশ সুপার রানা জব্বর জানান, পুলিশের ভুলের কারণেই শিশুটিকে মামলায় জড়ানো হয়েছে। দুধের শিশুটিকে মামলায় জড়ানোয় এসআই কাসিফ আহমেদকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]