ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিতর্কিত ভূমি অধিগ্রহণ নীতির প্রতিবাদে হাজার হাজার কৃষক আজ দিল্লিতে এসে বিক্ষোভ করেছে।
বিরোধী দল কংগ্রেস পার্টির ডাকে এই বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেখানে সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
মোদি সরকার সম্প্রতি শিল্প কারখানার জন্য জমি অধিগ্রহণের নীতি সহজতর করেছে। কিন্তু সমালোচকদের আশাঙ্কা এতে করে জমির জন্য কৃষকদের ওপর অত্যাচার বাড়বে।
পার্লামেন্টে বিরোধী দলগুলির বাধায় ভূমি অধিগ্রহণ বিলটি পাস করাতে না পেরে গত ডিসেম্বরে ভারতের বিজেপি সরকার এটিকে অর্ডিন্যান্স আকারে পাস করেছিল। সম্প্রতি সেই অর্ডিন্যান্সের মেয়াদ আবার বাড়ানো হয়েছে।
সরকারের বক্তব্য, ভারতে শিল্পোৎপাদন বাড়ানোর জন্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করা ছাড়া কোনও উপায় নেই – যদিও পাশাপাশি কৃষকদের স্বার্থরক্ষার দিকেও নজর দিতে হবে।
দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের ডাকা কৃষক সমাবেশে সরকারের এই ভূমি অধিগ্রহণ নীতিরই প্রতিবাদ জানানো হয়। সমাবেশে দিল্লি ও তার আশেপাশের রাজ্যগুলো থেকে হাজার হাজার কৃষক যোগ দেন।
ওই সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় এসেছে শিল্পপতিদের টাকায় ভোটে জিতে – আর এখন সেই শিল্পপতিদের ঋণ শোধ করতে গিয়েই তারা কৃষকদের প্রতি বঞ্চনা করছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে ষাট বছরের সঞ্চিত আবর্জনা দূর করার কথা বলছেন – কিন্তু ষাট বছরে দেশের কৃষকরা কী অর্জন করেছেন সে দিকে তার নজর দেওয়ার সময় নেই!’
এই ভূমি অধিগ্রহণ নীতি বাস্তবায়িত হলে ভারতে কৃষক পরিবারের সন্তানরা অন্যের চাকরে পরিণত হবে বলেও রাহুল গান্ধী মন্তব্য করেন।
এসএইচ





