অভিষেক অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসির একটি গির্জায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় সস্ত্রীক যোগ দিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

সেখানে আরো উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সেনেটর মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন দ্বিতীয় রোমান ক্যাথলিক প্রেসিডেন্ট। তার আগে ছিলেন ডেমোক্র্যাট জন এফ কেনেডি।

১৯৬৩ সালে আততায়ীদের গুলিতে কেনেডি নিহত হওয়ার পর এই গির্জাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল।

জো বাইডেনের ভাষণের জন্য মঞ্চ প্রস্তুত

শপথ নেওয়ার পর পরই উদ্বোধনী ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা।

বিবিসির একজন প্রযোজক রন ব্রাউন সেখান থেকে এই ছবিটি পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে জো বাইডেন ২০ মিনিট সময় ধরে ভাষণ দেবেন।

পূর্বসূরি নারীদের প্রতি কমালা হ্যারিসের শ্রদ্ধা নিবেদন
আর কিছুক্ষণ পরেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমালা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট।

শপথ নেওয়ার আগে তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন যে তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বলেছেন: “আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি।”

কিছুক্ষণ আগে বিদায় ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়া ছিল “অনেক সম্মানের” বিষয়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সবসময় আপনাদের জন্য লড়বো।”

ট্রাম্প বলেন, “কোন না কোন কাঠামোতে আমরা আবার ফিরে আসবো”

ভাষণে জো বাইডেন ও কমালা হ্যারিসের নাম উল্লেখ করেননি তিনি। তবে তাদের সাফল্য কামনা করেছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন আজ বুধবার।

বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

আর প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমালা হ্যারিস।

অনুষ্ঠানে যোগ দেবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল তিনি প্রত্যাখ্যান করেছেন।

ক্যাপিটল হিলের সামনের এই অনুষ্ঠানের নিরাপত্তা দেবে ২৫ হাজার সৈন্য। তথ্য সূত্র-বিবিসি

এমবি