পরমাণু বিষয়ক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তেহরানকে সব রকমের পারমাণবিক কর্মসূচি ত্যাগেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
কেরি সাংবাদিকদের জানান, "একটি যুদ্ধে জড়ানোর আগে আমরা চাই শান্তিপূর্ণ উপায়েই বিষয়টির (ইরানের পরমাণু ইস্যু) সুরাহা হোক। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটি চালিয়ে যাবো।"
কেরির এ মন্তব্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে আমেরিকা খুবই চিন্তিত তা আবারো পরিষ্কার হলো। যদিও গত বছরের নভেম্বরে আমেরিকাসহ ছয় বৃহৎ শক্তির সঙ্গে ইরানের একটি প্রাথমিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তথাপি আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে খুবই উদ্বিগ্ন।
প্রাথমিক ওই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়। বিনিময়ে ইরানের উপর অর্থনৈতিক অবরোধ শিথিল করার সুযোগ দেয়া হয়। এ ছাড়া চুক্তির আওতায় বিদেশ আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ইরানকে ফেরত দিতে সম্মত হয় ছয় শক্তি।
তবে, চুক্তির আরেকটি শর্ত অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি 'সমস্যা'র একটি চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপের বিষয়টি থাকছেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আশঙ্কার কথা জানিয়েছিলেন। এবার তারই পথ ধরে কেরি নতুন করে আবারো এ আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করলেন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]