স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কখনো কল্পনাও করেননি যে তিনি এ রকম পরিস্থিতিরি মুখোমুখি হতে পারেন। সম্প্রতি এক কিশোরের ঘুষি খেয়েছেন মারিয়ানো রাজয়। তাও আবার চেহারায়।
বুধবার নিজের এলাকায়ই নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।
স্পেনের উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া অঞ্চলের পন্টিভেদরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী রাজয়। এসময় কালো জ্যাকেট ও ক্যাপ পরিহিত এক কিশোর এগিয়ে এসে তার মুখে ঘুষি মারে। ভিডিওতে দেখা গেছে, ঘুষির আঘাতে প্রধানমন্ত্রীর চোখে থাকা চশমা ভেঙ্গে গেছে।
এছাড়া তার চেহারায় কেটে গেছে এমন লাল দাগও দেখা গেছে। রাজয়ের দল পপুলার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ্য আছেন এবং এরপরও শহরজুড়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ১৭ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে তার কারণও জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।
এর আগে গত সোমবার রাজয় তার বিরোধী বলে পরিচিত সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো সাঞ্চেজকে বলেছিলেন, সে হচ্ছে ‘চরম হতভাগা।’ ধারণা করা হচ্ছে , ওই কিশোরটি হয়তো সাঞ্চেজের দলের সমর্থক।
এমএম





