স্থানীয় বাসিন্দা আহমেদ আল-শারি ও খালেদ আল-আরেকি জানিয়েছেন, শিশুরা একটি আবাসিক এলাকায় ফুটবল খেলছিল। হঠাৎই বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়, মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। কমপক্ষে তিনজন আহত শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত হালকা থেকে মাঝারি ধরনের।

হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি, ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আই অফ হিউম্যানিটি নামের দুটি অধিকার সংগঠন দাবি করেছে, ইসলাহ পার্টির মিত্র মিলিশিয়ারা ওই এলাকায় কামানের গোলা ছুঁড়েছিল। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এক প্রত্যক্ষদর্শী মাহমুদ আল-মানসি বলেন, বিস্ফোরকটি এমন একটি দিক থেকে ছোড়া হয়, যেখানে সরকারি বাহিনীর মিত্ররা অবস্থান করছিল।

ইউনিসেফের একজন মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি এই ঘটনায় অবগত। তবে তারা এখনো বিস্তারিত যাচাই করছে।

ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির দেওয়া প্রতিবেদনে ছিন্নভিন্ন শিশুশরীরের ছবি প্রকাশ করা হয়েছে, যা হৃদয়বিদারক। নিহতদের মধ্যে চার শিশুর বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। পঞ্চম শিশুর বয়স এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দীর্ঘদিনের সংঘাতের ফলে ইয়েমেনের বিভিন্ন এলাকায় এমন বিপজ্জনক বিস্ফোরক ডিভাইস ও অবিস্ফোরিত গোলা ছড়িয়ে রয়েছে। যার মাশুল গুনতে হচ্ছে নিরীহ শিশুদের।

এনএইচ