"ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অত্যাচার বর্ণনাতীত।এবার ২০০৯ সালের যুদ্ধের চেয়েও বেশি ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল।" ফিলিস্তিনের গাজায় সফরকালে এ মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। খবর ডেইলিমেইলের।
মঙ্গলবার ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় হামাসের রকেট হামলারও সমালোচনা করেন মুন। তিনি বলেন, ইসরায়েলিরা অবশ্যই মিসাইল হামলার হুমকির মধ্যে বসবাস করবে না।
ইসরায়েল-ফিলিস্তিন দীর্ঘমেয়াদি শান্তি আলোচনায় উভয় পক্ষকে ‘প্রশস্ত হৃদয়’ নিয়ে বসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
মুন এ দিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের পাশাপাশি হামাস নির্মিত সুড়ঙ্গগুলোও পরিদর্শন করেন। সুড়ঙ্গপথ দিয়ে বেশ খানিক পথ হাঁটেন জাতিসংঘ মহাসিচব।
এ সফরে গাজার দক্ষিণে বসবাসরত ইসরায়েলি সম্প্রদায়ের লোকজনের সঙ্গেও সাক্ষাৎ করেন মুন।
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে ফিলিস্তিনের গাজায় টানা ৫০ দিন ধরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ২১০০ ফিলিস্তিনি নিহত হয়। মিসরের মধ্যস্ততায় সাময়িক অস্ত্রবিরতির পর অবরুদ্ধ গাজার বাড়ি-ঘর পুনর্নির্মাণ ও ত্রাণ সহায়তা কার্যক্রমে জাতিসংঘের পরিদর্শক দলকে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল।
ইআর





