প্রবাসীদের নিপীড়ন নিয়ে আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবির অবশেষে মুক্ত হয়ে আজ রাতেই ঢাকার পথে রওনা হবেন।

স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হবেন। রাত ১টায় তার ঢাকায় নামার কথা।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ সেদেশের সাংবাদিকদের জানান, দেশে পাঠানোর জন্য শুক্রবার রাত ৯টায় রায়হানকে বিমানবন্দরে নেওয়া হবে।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা গণমাধ্যমকে বলেন, “শুক্রবার রাতে পুত্রজায়া ইমিগ্রেশন অফিস থেকে রায়হানকে সরাসরি বিমানবন্দরে নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১১টায় তাকে বিমানে তোলা হবে। এর আগে করোনার পরীক্ষায় তার নেগেটিভ প্রতিবেদন আসে। যেহেতু রায়হানের বিরুদ্ধে মালয়েশিয়া পুলিশ কোনো অভিযোগ আনেনি, কাজেই তাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না।”

রায়হানের বাবা শাহ আলম বলেন, “আমরা অপেক্ষায় করে আছি ছেলের জন্য। এই আনন্দ বুঝিয়ে বলতে পারব না।”

করোনা মহামারি চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় গত ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেফতার করা হয়েছিল। ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর ০৬ আগস্ট পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩দিন মঞ্জুর করেন।

বুধবার রিমান্ড শেষ হওয়ার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপরেই ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নেয়।

এমবি