থাই জান্তা সরকার তলব করার পর  এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। থাইল্যান্ডের জনপ্রিয় ইংরেজি দৈনিক 'দি ন্যাশন' এ খবর দিয়েছে। গত ২২ মে দেশে স্থিতিশীলতা আনার কথা বলে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর  তারা 'শান্তি ও শৃঙ্খলার জন্য জাতীয় কাউন্সিল' বা (এনসিপিও) গঠন করে দেশ শাসন করতে শুরু করে। খবরে বলা হয়, সামরিক সরকার রাজধানী ব্যাংককের দিওয়েজ-এ অবস্থিত আর্মি অডিটরিয়ামে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষকে উপস্থিত হতে নির্দেশ দেয়। এদের মধ্যে ইউবোন রাতচাথানি প্রদেশের ব্যবসায়ী সারাউথ ফুথুরনিউথিনে'র নামও ছিল। সেনাবাহিনীর নির্দেশ পাওয়ার পর ৫৯ বছর বয়সী এই ব্যবসায়ী সোমবার রাতে নিজের শরীরে গুলি করে আত্মহত্যা করে। সরকার তলব করার কারণে ব্যবসায়ী আত্মহত্যা করেছেন- এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশ অফিসার কর্নেল জামফুল সুয়ানাম বলেছেন, সারাউথ ফুথুরনিউথিন গত কয়েক বছর ধরে বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ছিলেন। সম্ভবত সে কারণে তিনি আত্মহত্যা করেছেন। সূত্র: দি ন্যাশন। ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।