পবিত্র কোরআনের শিক্ষা মুসলিম দেশগুলোর চেয়ে পশ্চিমা দেশগুলোর মুসলমানদের জীবনে বেশি প্রতিফলিত হয়। রাজনীতি, ব্যবসা, আইন, সামাজিক মূল্যবোধ প্রভৃতি বিষয়ে ইসলামকে অনুসরণের ক্ষেত্রে পশ্চিমা মুসলমানরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে। সম্প্রতি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। গত বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দি গার্ডিয়ান।
বিশ্বের ২০৮টি দেশ এবং অঞ্চলে এ গবেষণাটি পরিচালনা করা হয়। অর্থনীতি ও সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে ইসলামের প্রতিফলনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে যথাক্রমে আয়ারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ ও নিউজিল্যান্ডের মুসলমানরা। প্রথম দশটি দেশের মধ্যে ব্রিটেনও রয়েছে।
রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে ইসলামের প্রতিফলন অনুযায়ী ২০৮টি দেশ ও অঞ্চলের তালিকা করা হয়। এর মধ্যে প্রথম দশটির মধ্যে কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নেই। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সবার আগে আছে মালয়েশিয়া। মালয়েশিয়ার অবস্থান ৩৩। তালিকার প্রথম পঞ্চাশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ রয়েছে আর কেবল কুয়েত। কুয়েতের অবস্থান ৪৮।
অর্থনীতিতে ইসলামের প্রতিফলনের ক্ষেত্রে তালিকার প্রথম দশটি দেশ হচ্ছে যথাক্রমে- আয়ারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, সুইডেন, ব্রিটেন, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, নরওয়ে এবং বেলজিয়াম। এর সবগুলো দেশেই মুসলিমরা সংখ্যালঘু। সূত্র: গার্ডিয়ান
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





