ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি মেনে চলার তাগিদ দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রেসিডেন্ট ম্যাক্রন বিরাজমান বৈশ্বিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ম্যাক্রনের অফিস থেকে বলা হয়, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। আলাপকালে তিনি ট্রাম্পকে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি মেনে চলার তাৎপর্য সম্পর্কে জানান। বলেন, বৈশ্বিক মত সম্পাদিত ওই চুক্তির পক্ষে।
এছাড়া, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ নেবার অনুরোধ করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে সংহতি বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণের অনুরোধও জানান।
প্রসঙ্গত, ম্যাক্রন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী হলেও বিভিন্ন বৈশ্বিক প্রসঙ্গে ট্রাম্পের ট্রাম্পের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা জানাতে পিছ পা হন নি। এর মধ্যে অন্যতম-ইরান পরমাণু চুক্তি এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রসঙ্গ।
এমবি





