ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ১৫০ মাইল দূরে উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সেমনানে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জন হয়েছে এবং প্রায় শতাধিকের মতো আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
স্থানীয় সময় শুক্রবার ভোরে রাজধানী তেহরান থেকে ৪০০ কিলোমিটার পূর্বে শাহরূদ শহরের হাফ্ত-খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গেছে, উল্টে যাওয়া চারটি বগির মধ্যে দুটোতে আগুন রেগে যায়।
ফার্স বার্তা সংস্থা জানায়, প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রেজা খাব্বাজ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
ট্রেনে কতজন যাত্রী ছিল তা পরিষ্কার জানা যায়নি। প্রায় শতাধিকের মতো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফার্স।
এ ব্যাপারে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোস্তফা মোর্তাজাভি জানান, অগ্নিনির্বাপন কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ট করছে।
দুর্ঘটনার বর্ণনায় মোর্তাজাভি জানান, একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিল। আরেকটি ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। দুইটি ট্রেনের মধ্যে প্রচণ্ড জোরে সংঘর্ষে দুইটি বগিতে আগুন ধরে যায়।
তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আসার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।” কী কারণে এ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান মুখপাত্র মোর্তাজাভি।
এমই





