ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সারুল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাওসারি বলেছেন, আজ (০৮ জানুয়ারি) বুধবার সকালে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা হচ্ছে জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধের শুরু মাত্র।

ইরানের ‘মেহরাবান’ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যেমন আগেও বলেছি, ইরান কখনো এমন কোনো কথা বলে না যা বাস্তবায়ন করতে পারে না।”

জেনারেল কাওসারি বলেন, আমেরিকাকে তার সন্ত্রাসী সেনাদেরকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং ওয়াশিংটনের জানা উচিত মার্কিন সেনাদেরকে আমরা ছাড়ব না।

আইআরজিসি’র এই কমান্ডার বলেন, মার্কিন কর্মকর্তাদেরকে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধী ও ‘শয়তানি’ কার্যকলাপের লাগাম টেনে ধরতে হবে। ট্রাম্প যেন মধ্যপ্রাচ্যেকে তার জুয়াখেলার ময়দান মনে না করে।

গত ০৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জওয়ান ও কমান্ডার নিহত হন। এই ঘটনার জেরে তেহরান-ওয়াশিংটন উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এমবি