জবাই করার জন্য গরু বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার, তা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোট।

মাদ্রাজ হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু পরিবর্তন না করে আপাতত ভারতজুড়ে গরু জবাই বা জবাইয়ের উদ্দেশ্যে বিক্রি নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জনমত সংগ্রহ করতে অন্তত ৩ মাস সময় লাগবে।

গত মে মাসে, ভারত সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়, কসাইখানায় জবাইয়ের জন্য পশুবাজারে গরু বা অন্য কোনো গবাদি পশু এখন থেকে কেনাবেচার জন্য নিয়ে আসা যাবে না।

এমন কোনো জন্তু-জানোয়ারকে বাজারে নিয়ে আসতে হলে তার মালিককে এই মর্মে লিখিতভাবে জানাতে হবে যে, সেটি কসাইখানায় জবাই করতে বিক্রির জন্য নিয়ে আসা হয়নি। পাশাপাশি আরো বলা হয়, ক্রেতা-বিক্রেতার কাছ থেকে লিখিত হলফনামা নেয়া হবে যে, সেটি বিক্রি করা হচ্ছে কেবলমাত্র কৃষিকাজের জন্য।

এ নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয় নানা মহলে। ব্যাপক বিক্ষোভ দেখান তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকের বাসিন্দারা। উত্তর-পূর্বেও বিক্ষোভের মুখে পড়ে বিজেপি। মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেয়। এদিন সুপ্রিম কোর্ট জানাল, মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশটি তিন মাসের জন্য বহাল থাকছে, তা সারা ভারতে প্রযোজ্য হবে।

সুপ্রিম কোর্টে একটি আবেদনে জানানো হয় যে এই নির্দেশিকা অসাংবিধানিক। এতে লক্ষ লক্ষ মানুষের জীবিকা প্রশ্নের মুখে পড়ে যাবে।

এমবি