মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’র চেয়েও শক্তিশালী ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘বভার-৩৭৩’ বলে দাবি করেছেন ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম।

তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘বভার-৩৭৩’তৈরিতে বিদেশি কোনো সহযোগিতা নেওয়া হয় নি, পরিকল্পনা ও ডিজাইন থেকে শুরু করে শেষ ফিনিশিং পর্যন্ত সব কিছুই করেছে ইরানি বিশেষজ্ঞরা।

এই প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ‘এস-৩০০’ এবং মার্কিন প্যাট্রিয়ট’র চেয়েও উন্নত বলে জানান ব্রিগেডিয়ার শাহরুখ।  

ইরানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নিজেদের প্রতিরক্ষার প্রয়োজনে দীর্ঘ পাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়ার ‘এস-৩০০’র চেয়ে ‘বভার-৩৭৩’র পাল্লা বেশি। এটি আরও বেশি দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত, অনুসরণ ও আঘাত হানতে পারে।

ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বভার-৩৭৩'র সার্চিং রাডারের পাল্লা হচ্ছে ৩২০ কিলোমিটার, ট্র্যাকিং বা অনুসরণের জন্য রয়েছে ২৫০ কিলোমিটারের বেশি পাল্লার রাডার এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

তিনি বলেন, ইরানের ‘বভার-৩৭৩’ মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও শক্তিশালী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ক্ষেত্রেও এর কার্যকারিতা বেশী।

গতকাল (২২ আগস্ট) বৃহস্পতিবার‘বভার-৩৭৩’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান।  

এমবি