ইরানে দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক বলেছেন, সাম্প্রতিক গোলযোগে যারা দাঙ্গা সৃষ্টি করেছে এবং অস্ত্র হাতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে।
গতকাল (০৫ ডিসেম্বর) বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সমর্থন ব্যক্ত করেন তিনি।
ব্রায়ান হুক দাবি করেন, ইরানের নিরাপত্তা বাহিনী গত মাসের বিক্ষোভ দমনের সময় শত শত বিক্ষোভকারীকে হতাহত করেছে।

ইরানের ইসলামি শাসনব্যবস্থার বিরোধিতাকারী সব পক্ষের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতর কারণে তেহরান ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং তার পক্ষে দেশের মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
গত ১৫ নভেম্বর ইরানে জ্বালানী তেলের দাম বাড়ানো হলে এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের জনগণ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়।

কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে কিছু দুস্কৃতকারী ঘরবাড়ি, ব্যাংক, বীমা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সরকারি বাসে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সম্পদের অপূরণীয় ক্ষতি করে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গোলযোগ সৃষ্টির দায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একদল এজেন্টকে আটক করা হয়েছে।
এমবি





