উত্তর কোরিয়া এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষাস্থলের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ‘কৃত্রিম ভূ-কম্পন’ অনুভূত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ ধারণা করেছে।
এদিকে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষার সফল পরীক্ষার কথা স্বীকার করেছে। পঞ্চমবারের মত এই পরীক্ষা চালায় তারা।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের শক্তি প্রায় ১০ কিলোটন।
উ. কোরিয়ার ফাউন্ডেশন ডে উদযাপনের প্রেক্ষাপটে তাদের পুংগি-রি পারমাণবিক কেন্দ্রের কাছে এ পরীক্ষা চালানো হয়। এর আগেও এই এলাকায় পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থার কিম ন্যাম-ওক বলেন, চতুর্থবার যে পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছিল তার চেয়ে এটার শক্তি প্রায় দ্বিগুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল তার চেয়ে এর শক্তি কিছুটা কম। হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল ১৫ কিলোটন।
উল্লেখ্য, ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটির মাত্রা ছিল ৬ কিলোটন। এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং।
এমবি





