ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলে ইসরাইলি বোমা হামলায় প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতা ও তার স্ত্রী নিহত হয়েছেন। এসময় কমান্ডারের দুই সন্তানসহ তিন জন আহত হয়। আহত দুই সন্তানের অবস্থাই আশঙ্কাজনক।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বাহা আবুল আতা'র বাড়িতে বোমাবর্ষণ করে দখলদার ইসরাইলি বাহিনী।

বোমা হামলার জবাবে ইসলামি জিহাদ আজ সকাল থেকে এ পর্যন্ত ইসরাইলে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে।

ইসলামি জিহাদের হামলায় বেশ কয়েক জন ইহুদিবাদী আহত হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

এতে বলা হয়েছে, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে।

তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে ঢুকতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন ইহুদিবাদী। আর ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতের সংখ্যা ১৩।

এমবি