সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আড়াই’শ। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
মোগাদিসুর একটি ব্যস্ত এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল্লাহি মুহাম্মদ ফারমাজো এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। রোববার সকাল থেকে শুরু হয়ে টানা তিনদিন চলবে এ শোক পালন।
প্রত্যক্ষদর্শীরা ওই বিস্ফোরণকে কয়েক বছরের মধ্যে শক্তিশালী হামলা হিসেবে উল্লেখ করেছেন। আহতদের সহায়তার জন্য নাগরিকদের প্রতি অনুরোধও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল্লাহি মুহাম্মদ ফারমাজো জানান, আহতদের সহায়তা, রক্ত দান এবং আনুষাঙ্গিক সহায়তার জন্য আমাদের দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আহতদের দেখতে হাসপাতালে গেছেন মোগাদিসু শহরের মেয়র থাবিত আবদে মুহাম্মদ। সেখানে পৌঁছে তিনি রক্তদান করেন। খবর আল জাজিরার
এএস





