সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের বেশ কয়েকটি শহরে আইন-শৃঙ্খলবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। দেশটির বিপ্লবী বাহিনীর গুলিতে শনিবার রাতে অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে।

তবে স্থানীয় সূত্র বিক্ষোভকারীদের নিহতের তথ্য নিশ্চিত করতে পারেনি। আল-আরাবিয়া বলছে, ইরানের লোরেস্তান প্রদেশের দোরাওদ শহরে বিপ্লবী বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে।

এদিকে, বার্তাসংস্থা রয়টার্স বলছে, ইরানে তৃতীয় দিনের মতো রাজপথে প্রতিবাদ শুরু হয়েছে। রাজধানী তেহরানেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানীর বেশ কিছু সরকারি ভবনে হামলা ও পুলিশের সঙ্গে উত্তেজিত জনতা সংঘর্ষে জড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মান নিয়ে ক্ষুব্ধ ইরানিদের এই বিক্ষোভকে ২০০৯ সালে সংস্কারপন্থী মিত্রজোট ক্ষমতায় আসার পর এ যাবৎকালের সর্ববৃহৎ হিসেবে বলা হচ্ছে।

বিবিসি বলছে, অবৈধ সমাবেশ এড়িয়ে চলার যে পরামর্শ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিয়েছিল তা উপেক্ষা করেই প্রতিবাদ করছেন বিক্ষোভকারীরা। ব্রিটিশ এই সংবাদমাধ্যমও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে দোরাওদ শহরে গুলিতে দুই বিক্ষোভকারীর প্রাণহানির খবর দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছেন। সরকারি ভবনেও হামলার খবর পাওয়া গেছে। খাদ্যদ্রব্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অভিযোগ এনে গত বৃহস্পতিবার ইরানের মাশাদ শহরে প্রথম বিক্ষোভ শুরু হয়। শুক্রবার দেশটির আরো বেশ কয়েকটি বড় শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

জেড