দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা সংস্থা-সার্ক এর উদ্দেশ্য সফল করতে প্রতিটি সদস্য দেশকে ১৯তম সার্ক সম্মেলন আয়োজনে সহায়তা করার আহবান জানিয়েছে মালদ্বীপ। এর আগে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে যোগদানের অস্বীকৃতি জানালে সম্মেলন স্থগিত করে সার্ক সভাপতি দেশ মালদ্বীপ।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘‘সার্কের প্রতিটি সদস্য দেশের সরকার প্রধানের সহযোগিতার মাধ্যমেই একমাত্র সার্ক সম্মেলন আয়োজন করা সম্ভব। সার্কভুক্ত ৮টি দেশের নেতারা এর মাধ্যমে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনা করে সমাধান করতে পারবেন।’’ এ সময় শীঘ্রই সার্ক সম্মেলনের ভেন্যুর ঘোষণা দেয়ার আশা প্রকাশ করে মালদ্বীপ সরকার।
উল্লেখ্য, ১৯৮৫ সালে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রস্তাবনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল , ভুটান, মালদ্বীপকে নিয়ে সার্ক গঠিত হয়। এরপর আফগানিস্তান এই সংস্থায় যোগ দেয়। কিন্তু প্রতিষ্ঠার ৩০ বছরেও সদস্য দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্বের কারণে বারবারই এই সংস্থাটি তার উদ্দেশ্য সফল করতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সার্ক যদি ভেঙ্গে যায় তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ সার্কের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র।
জেড





