ক্যারিবিয় দেশ জ্যামাইকায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী অ্যান্ড্রু হলনেস।
দেশটির গভর্নর জেনারেল স্যার প্যাট্রিক অ্যালেন হলনেসকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করেন।
বিবিসি জানিয়েছে, ৪৩ বছর বয়সী সাবেক এই শিক্ষামন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
গেল সপ্তায় অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনে তার দল জ্যামাইকান লেবার পার্টি একটি আসন বেশি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশটির প্রথম নারী সরকার প্রধান সিম্পসনকে পরাজিত করেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর হলনেস সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, “আমরা একটা পুরস্কার জয় করেছি এমনটা ভাবলে চলবে না। আমাদের দেওয়া অঙ্গীকার পূরণের মধ্যদিয়ে এই জয়ের মূল্য শোধ করতে হবে।”
দেশটিতে বর্তমানে যুব সম্প্রদায়ের বেকারত্বের হার ৩৮ শতাংশ থাকা সত্ত্বেও হলনেস জ্যামাইকাকে ক্যারিবিয়া অঞ্চলের সিলিকন ভ্যালিতে পরিণত করতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এমআইএস।