ইসরাইল ফিলিস্তিনের গাজা অবরোধ করার পর থেকে গত ১২ বছরে এক হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উপকূলীয় এ ছিটমহলের মানবাধিকার সংগঠনগুলো এ তথ্য দিয়েছে। সংগঠনগুলোর সমন্বয়ক আহমেদ আল কুর্দ বলেন, গত কয়েক দিনে যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ায় পাঁচটি নবজাতক মারা গেছে।
আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধের কারণে যেসব ফিলিস্তিনি মারা গেছে, তার মধ্যে সাড়ে চার শ মারা গেছে শুধু চিকিৎসাসেবার সংকটের কারণে। যেমন- যথাযথ চিকিৎসা সরঞ্জাম না থাকা কিংবা চিকিৎসাসেবা নিতে গাজার বাইরে যেতে না পারা। অবরোধের কারণে গাজাবাসী প্রতিনিয়ত ভয়াবহ সংকটের মুখোমুখি হচ্ছে। কারণ অবরোধের কারণে সেখানে যেমন রয়েছে পানি ও বিদ্যুৎ সংকট, তেমনি রয়েছে ওষুধ ও চিকিৎসকের সংকট। এমনকি চিকিৎসকরা চিকিৎসা সরঞ্জামের অভাবে অপারেশন পর্যন্ত করতে পারেন না।
কুর্দ বলেন, বিদ্যুৎ না থাকায় বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। যেমন, মোমবাতি, কাঠ কিংবা জেনারেটর ব্যবহারের কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় এসব লোক প্রাণ হারায়। এছাড়া ৩৫০ ফিলিস্তিনি মারা গেছে মাছ ধরতে গিয়ে, বাণিজ্যিক টানেলে কাজ করতে গিয়ে বা কৃষিকাজ করতে গিয়ে।
আহমেদ আল কুর্দ বলছেন, ২০ লাখ লোকের বসবাসের স্থান গাজা পৃথিবীর সবচেয়ে বড় কারাগার। স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ, সমাজ কিংবা জ্বালানি যেদিক থেকেই চিন্তা করেন, গাজা একটি বিপর্যয়কর এলাকা। সূত্র: আলজাজিরার।





