বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্মৃতি রক্ষার্থে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষরও করেন তিনি।

এ সময় সফররত চীনা মন্ত্রীর সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন।

চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি মঙ্গলবার সকালে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংও উপস্থিত ছিলেন।

তিনি বিকাল ৩টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের সাথে সাক্ষাত করবেন। সফররত চীনের স্টেট কাউন্সিলর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথেও বৈঠক করবেন।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালের নভেম্বরে চীন সফর করেছিলেন। ২০১৮ সালের ১৯ মার্চ চীনের কংগ্রেসে জেনারেল ফেঙ্গিকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে চীনের সাথে আলোচনার সময়ে এই সফরটি হচ্ছে।

উল্লেখ্য, এই মাসের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরবানও বাংলাদেশ সফর করেছেন।

এমবি