স্নাইপারের মুহুর্মুহু গুলির মুখে এক শিশুকন্যার জীবন বাঁচিয়েছে সিরিয়ার এক বালক। দৃশ্যতআইএস সদস্যদের গুলির মুখে সিরিয়ার একটি অজ্ঞাত স্থানে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিরিয়ার একটি নেটওয়ার্ক গত ১০ নভেম্বর এ ভিডিও ফুটেজটি ইন্টারনেটে প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, সিরিয়ার একজন বালক নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির পেছনে আশ্রয় নেয়া একটি ছোট্ট মেয়েকে উদ্ধার করছে।

স্নাইপারদের অবিরাম গুলির মুখে ওই সিরিয় বালক একবার মাটিতে পড়ে যায়। দৃশ্যত ওই বালককে লক্ষ্য করেই দূর থেকে গুলি ছোঁড়া হচ্ছিল। তবে এক পর্যায়ে ছেলেটি মাটি থেকে উঠে দাঁড়ায় এবং মেয়েটির কাছে পৌঁছে যায়।

এরপর মেয়েটির হাত ধরে একটি নিরাপদ স্থানের দিকে চলে যায় সে। এ সময়ও মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায় এবং ওই দুই শিশুর আশপাশে ধোঁয়া উড়তে দেখা যায়।

লন্ডন-ভিত্তিক অক্সফোর্ড রিসার্চ গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষের ক্রসফায়ারে পড়ে অন্তত ১১,০০০ শিশু নিহত হয়েছে।

এদের মধ্যে শত শত শিশু মারা গেছে স্নাইপারদের গুলিতে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বা তার চেয়ে কম বয়সি নিহত ১১,৪২০ জন শিশুর মধ্যে ৩৮৯ জন নিহত হয়েছে স্নাইপারদের গুলিতে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর মঙ্গলবার এক রিপোর্টে জানিয়েছে, সিরিয়ার চলমান সংঘর্ষ থেকে বাঁচতে ৩৩ লাখ মানুষ দেশটি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। এ ছাড়া, অভ্যন্তরীণভাবে উদ্বাস্তুতে পরিণত হয়েছে ৭২ লাখ সিরিয় নাগরিক।

ইআর