ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত হিদার ক্রুডেন বলেছেন, নিজেকে রক্ষার অধিকার ইসরাইলের রয়েছে। আর হামাস যে একটি সন্ত্রাসী সংগঠন ত সবাই জানেন।

আজ (সোমবার) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হিদার ক্রডেন তার লিখিত বক্তব্যে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেও গাজা ইস্যুতে কোন কথা বলেননি।

পরে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, গাজা ইস্যুতে কানাডা সরকারের অবস্থান অত্যন্ত পরিস্কার। এ বিষয়ে কানাডিয়ান সরকারের বক্তব্য অনলাইনে দেয়া আছে।

গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা সম্পর্কে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান হাইকমিশনার হিদার ক্রডেন। গণহত্যা সম্পর্কে কোন জবাব না দিয়ে তিনি বলেন, ইসরাইলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে এবং হামাস একটি সন্ত্রাসী সংগঠন।

বাংলাদেশের জন্য তৈরি পোষাক খাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে কানাডিয়ান রাষ্ট্রদূত বলেন, এখাতে চাকুরির পরিবেশ উন্নত করা, সুযোগ-সুবিধা বৃদ্ধি করা এবং শ্রমিকদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশে শিশু মৃত্যুর হার, মাতৃত্বজনিত মৃত্যুর হার এবং এইডস ও এইসআইভি ভাইরাস নিয়ন্ত্রনে অনেক অগ্রগতি হলেও সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও তাদের উপাসনালয়ে ভাংচুর ও অগ্নিকান্ডসহ অনেক নির্যাতনের ঘটনা ঘটেছে যা উদ্বেগজনক।

বাংলাদেশে গত ৫ই জানুয়ারির একতরফা নির্বাচন এবং নির্বাচনের আগের ও পরের সহিংসতা সম্পর্কে প্রশ্ন করা হলে হাইকমিশনার হিদার ক্রডেন বলেন, একটি শান্তপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধান দুই রাজনৈতিক দলকেই সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানে এগিয়ে আসতে হবে।

তিনি গণতান্ত্রিক পরিবেশে আর যেন মারামারি না হয়, প্রাণহানী যেন সম্পূর্ণরুপে বন্ধ হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন।

সাম্প্রতিক সময় বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম ও অপহরণসহ প্রাণহানী বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হিদার ক্রডেন বলেন, এ ধরনের হত্যাকান্ড ও গুম-খুন কখনও কাম্য নয়। এটা সম্পূর্ণরুপে বন্ধ হতে হবে।

বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান চার দশকের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে কানাডিয়ান হাইকমিশনার বলেন, এই সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের বাণিজ্য সম্পর্কের পরিধি আরও বাড়াতে কানাডিয়ান সরকার আন্তরিক রয়েছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি