ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মানসুর হাদি ও তার ছেলেদের কয়েক মাসের জন্য গৃহবন্দি করেছে সৌদি আরব। পাশাপাশি কয়েকজন মন্ত্রী ও সামরিক বাহিনীর কর্মকর্তাকেও গৃহবন্দি করা হয়েছে।

রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই পদক্ষেপ নিলো সৌদি আরব। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট আব্দরাব্বুহ হাদি ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বৈরী সম্পর্কের কারণে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। উল্লেখ্য, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

দেশ দু’টি সৌদি নেতৃত্বাধীন জোটের প্রধান দুই অংশীদার। এই জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনের বিদ্রোহীদের ওপর বিমান হামলা চলাচ্ছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আরব আমিরাত সেনা মোতায়েন করেছে। তবে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ এখনো হুতিদের হাতে রয়েছে।

এদিকে, সৌদি আরব রোববার ইয়েমেনের ওপর অবরোধ আরো কঠোর করেছে। বন্ধ করে দিয়েছে স্থল সীমান্ত পারাপার। একই সঙ্গে ইয়েমেনের নৌ ও বিমানবন্দরগুলোর সব কার্যক্রম স্থগিত রয়েছে।

এর ফলে ইয়েমেনে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, বন্ধ করে দেয়া হয়েছে অনেক পেট্রল স্টেশন, জ্বালানি সংগ্রহের জন্য গাড়ির চালকদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে দ্রুতই সেখানে জ্বালানি স্বল্পতা দেখা দেবে।
জেড