মেক্সিকোতে ছয় জন নিহত ও ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনায় ইগুয়ালা শহরের মেয়রকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সরকার। খবর বিবিসির।
দেশটির চিফ প্রসিকিউটর জানান, মেয়র জোসে লুইস আবার্কা পুলিশকে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশ দেন। ছাত্ররা যে আয়োজনটির বিরোধিতা করছিল সেখানে আবার্কার স্ত্রী অতিথি হিসেবে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৬ সেপ্টেম্বর ছাত্রদের বিক্ষোভে সহিংস আক্রমণ চালায় পুলিশ। এ ঘটনার পর থেকে ৪৩ ছাত্র নিখোঁজ রয়েছে।
অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম জানান, ইগুয়ালায় গত ২৬ সেপ্টেম্বরের ঘটনায় মেয়র আবার্কা, তার স্ত্রী মারিয়া ডি লস অ্যাঞ্জেলস পিনেদা, পৌরসভাটির পুলিশ প্রধান ফিলিপ ফ্লোরস ও অনুষ্ঠানের আয়োজকদের খোঁজা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, মেয়রের স্ত্রী পিনেদা স্থানীয় মাদকচক্র গুয়েরেরোস ইউনিদোস-এর (ইউনাইটেড ওয়ারিয়রস) সঙ্গে যুক্ত।
এর আগে পৌরসভাটির বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তারা ছাত্রদের মাদকচক্রের সদস্যদের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন।
গত সপ্তাহে মাদকচক্রটির সন্দেহভাজন নেতা সিদরোনিও ক্যাসারাভিয়াসকে গ্রেফতার করা হয়েছে।
ইআর





