নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেন্ট্রিফিউজগুলোতে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড বা ইউএফ-৬ ঢোকানো শুরু করেছে ইরান। অত্যাধুনিক এ সেন্ট্রিফিউজ আইআর-৮ নামে পরিচিত।

ইউএফ-৬ ঢোকানোর কাজকে ইরানের পরমাণু গবেষণা এবং উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ পর্যায়ে বলে গণ্য করা হচ্ছে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আইআর-৮'এ ইউএফ-৬ ঢোকানোর কাজ শনিবার থেকে শুরু হয়েছে। পরমাণু সমঝোতা অনুসারে শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিকনির্দেশনা অনুযায়ী এবং এইওআই বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টার মধ্যদিয়ে পরমাণু গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে।

অত্যাধুনিক সেন্ট্রিফিউজের অন্যতম হলো আইআর-৮ এবং ইরানি বিজ্ঞানীরা পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেছেন।
এইওআই'র বিবৃতিতে আরো বলা হয়েছে, গত তিন বছর ধরে এ যন্ত্রের সব ধরণের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এছাড়া, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ আইআর-১ এর তুলনায় আইআর-৮'এ ২০ গুণ দ্রুত করা যায়।

এইওআই’র বিবৃতিতে বলা হয়েছে, চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ অনুযায়ী ইরানের শান্তিপূর্ণ পরমাণু গবেষণা এবং উন্নয়ন অব্যাহত থাকবে। পাশাপাশি গবেষণার কাজে ব্যবহৃত পরমাণু চুল্লিতে জ্বালানি সরবরাহের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজও অব্যাহত থাকবে। সূত্র : ওয়েবসাইট

মাহমুদ