যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলার ব্যাপারে সবসময় উচ্চবাচ্য করা হলেও বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনায় সাধারণত তেমন উদ্বেগ প্রকাশ করা হয় না।

সম্প্রতি একটি কলেজে গুলিতে ৯ জন নিহতের পর এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামার এ উদ্বেগ প্রকাশের পর সিএনএনের এক প্রতিবেদনে দেশটিতে আগ্নেয়াস্ত্র সহিংসতা ও সন্ত্রাসী হামলার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন-এর নথি থেকে তথ্য তুলে ধরা হয়েছে।

সংস্থাটির নথিতে উল্লেখ করা হয়েছে, ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে আগ্নেয়াস্ত্র সহিংসতায় ৪ লাখ ৬ হাজার ৪৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে গণহত্যা, দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনা রয়েছে।

অপরদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের ভূমিতে সন্ত্রাসী হামলায় ৩ হাজার ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় ৩৫০ মার্কিনী নিহত হয়েছে। এ সংখ্যা যোগ করলে এ সময়ে সন্ত্রাসী হামলায় নিহত মোট মার্কিনীর সংখ্যা ৩ হাজার ৩৮০ জনে দাঁড়ায়।

এমআর