নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার সকালে গুজরাটের গান্ধীনগরের ঘাটলোদিয়ার নিশান স্কুলে ভোট দেয়ার পর পোলিং বুথে বিজেপির দলীয় প্রতিক পদ্মফুল নিয়ে সংবাদ সম্মেলন করেন মোদী। এ সময় তিনি দাবি করলেন, ‘সরকার গড়ছে বিজেপিই।’
সঙ্গে সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে কংগ্রেস ও আম আদমি পার্টি। নির্বাচনী বিধি ভাঙার পাশাপাশি মোদীর বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের এবং বারানসী ও ভাদোদরা কেন্দ্রে তার প্রার্থিতা বাতিলের দাবি করে কংগ্রেস।
এর পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে গুজরাটের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে মোদীর বিরুদ্ধে অভিযোগ অথবা এফআইআর দায়ের করার নির্দেশ দিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন।
কমিশনের নোটিশে জানানো হয়েছে, নির্বাচনী বিধি ভেঙেছেন মোদী। কারণ গুজরাটসহ দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট চলাকালে তিনি প্রকাশ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রতিক সামনে রেখে বক্তব্য রেখেছেন যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
কমিশনের মতে, মোদীর বলার ধরণ থেকে স্পষ্ট যে, উনি রাজনৈতিক বক্তব্যই রেখেছেন। ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছেন।  
ভারতের নির্বাচনী আইন অনুযায়ী- নির্বাচন চলাকালীন কোনো রকম দলীয় প্রচার করা বিধি পরিপন্থী l পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে কোনো প্রার্থী কাউকে প্রভাবিত করতে পারবেন না।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদী যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাতে তার দুই বছরের জেল হতে পারে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ০১ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]