আন্তর্জাতিক জাহাজ চলাচল বিষয়ক আইন লঙ্ঘন করার অপরাধে প্রায় দুই মাস আগে হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’কে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ছেড়ে দিয়েছে ইরান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক সংস্থার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।  

সংস্থাটি বলেছে, আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তেল ট্যাংকারটি বন্দর আব্বাস ছেড়ে আন্তর্জাতিক পানিসীমায় চলে গেছে। জাহাজের সঙ্গে এর সব ক্রুকেও ছেড়ে দেয়া হয়েছে।

তবে বিবৃতিতে জানানো হয়েছে, ট্যাংকারটি আইন অমান্য করার মামলা এখনো আদালতে ঝুলন্ত রয়েছে এবং পরবর্তীতে এর আরও শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৯ জুলাই ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী থেকে ৩০ হাজার টন ওজনের তেল ট্যাংকারটি আটক করেছিল। তারও আগে গত ৪ জুলাই ব্রিটিশ নৌবাহিনী জিব্রাল্টার প্রণালী থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি মালিকানাধীন একটি সুপার তেল ট্যাংকার আটক করেছিল।

মার্কিন চাপ উপেক্ষা করে জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট গত ১৫ আগস্ট ইরানি তেল ট্যাংকারটিকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয় এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়। 

এমবি