তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশের জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনা অপরিহার্য হয়ে উঠেছে।
দেশটির ৮ কোটি ২০ লাখ মানুষকে রক্ষার জন্য এই ব্যবস্থা কেনা অপরিহার্য হয়ে উঠেছে বলেও জানান তিনি।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আন্দালুকে শুক্রবার (০৮ মার্চ) দেয়া এক সাক্ষাৎকারে এই সব কথা বলেন তিনি।
পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী বলেন, অক্টোবর মাস থেকে ‘এস-৪০০’ ব্যবস্থা মোতায়েন শুরু করবে তুরস্ক। ‘এস-৪০০’ কোথায় বসানো হবে তা তুর্কি বিমান বাহিনী খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ কেনার কাজে এগিয়ে চলেছে ন্যাটোদেশ তুরস্ক।
বুধবার (০৬ মার্চ) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঙ্কারা কোনো অবস্থায়ই ‘এস-৪০০’ কেনার চুক্তি বাতিল করবে না। এছাড়া, ‘এস-৫০০’ কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
এমবি





