মেক্সিকো সীমান্তে বিপুল সংখ্যক অভিবাসীর সমাগম ঘটেছে যখন, তখন রোববার পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী কির্সটেন নেইলসেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে অভিবাসী ইস্যুতে তার ছিল তিক্ত মতবিরোধ। ফলে দেড় বছরের ক্ষমতা থেকে ইস্তফা দিয়ে তিনি এখন মুক্ত। অবশ্য তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রশাসনের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, নেইলসেনকে পদত্যাগ করতে বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই নির্দেশমতো তিনি তাই করেছেন। সম্প্রতি সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে নিজে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প।

তিনি টুইটারে লিখেছিলেন, হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী কির্সটেন নেইলসেনকে তার পদ ছেড়ে যেতে হবে। সেবা দেয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো। আরেক টুইটে ট্রাম্প বলেছেন, বর্তমানে ইউএস কাস্টমস ও বর্ডার প্রটেকশন কমিণনার কেভিন ম্যাকঅ্যালিনান হবেন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত মন্ত্রী। 

নেইলসেনের বিদায় নেয়ার কথা প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ। তিনি ২০১৭ সালের ডিসেম্বর থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

গত বছর ধরেই তার বিদায়ের খবর বার বার গুজব আকারে ছড়িয়ে পড়ে। বিশেষ করে, মেক্সিকো সীমান্তে ২০১৮ সালে যখন পরিবারগুলোর কাছ থেকে তাদের বাচ্চাদের আলাদা করার সিদ্ধান্ত নেয়, তখন ক্ষোভ দেখা দেয়। ওই সময় তিনি বিদায় নিচ্ছেন বলে গুজব ছড়ায়।

এমআর