ক্রিমিয়ার কের্চ প্রণালীতে উত্তেজনা প্রশমনে মস্কোকে উদ্ধত আচরণ বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি।

তিনি বলেন, 'ইউক্রেন নৌ বাহিনীর জাহাজ আটকে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে রাশিয়া। এমন আইন বহির্ভুত আগ্রাসী আচরণ যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের অবনতি ঘটাবে।'

তবে, ইউক্রেনের জাহাজ অবৈধভাবে রাশিয়ার অধিকৃত জলসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি। এতে রাশিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে বলেও পাল্টা অভিযোগ তোলেন তিনি।

এদিকে, এই ঘটনার পর বুধবার থেকে ৩০ দিনের জন্য সামরিক আইন জারি করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্টকে অনুরোধ করার পর আজ এই সিদ্ধান্ত নিলেন আইনপ্রণেতারা।

এর আগে, ইউক্রেনের নৌ বাহিনীর তিনটি জাহাজ রাশিয়া আটক করে। এতে ঘটনায় উত্তেজনা দেখা দেয় ক্রিমিয়া উপদ্বীপে। রবিবার ইউক্রেনের একটি টাগ বোট ও দু'টি গানবোট রাশিয়ার জলসীমায় প্রবেশ করলে তাদের বাধা দেয়া হয়।

এ সময় ইউক্রেন দাবি করে, রুশ বাহিনী তাদের জাহাজে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন নাবিক আহত হন। পরে জাহাজ তিনটি জব্দ করে রাশিয়া।

কিন্তু ইউক্রেনের নৌ বাহিনী দাবি করে, জাহাজ দু'টি ইউক্রেনের ওদেসা বন্দর থেকে মেরিপুল বন্দরে স্থানান্তর করা হচ্ছিলো। আর বিষয়টি আন্তর্জাতিক আইন অনুসারে রাশিয়াকে আগেই জানানো হয়েছিল।

পরে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস দাবি করে, সীমান্তরক্ষীদের সতর্কতার পরও ইউক্রেনের জাহাজগুলো বিপজ্জনক যুদ্ধাস্ত্র নিয়ে রাশিয়ার জলসীমায় প্রবেশ করে। এ বিষয়ে জরুরি বৈঠকে বসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় রাশিয়া। এরই পরিপ্রেক্ষিতে সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি।

এসএম