বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাসে’ আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও দুই নাগরিকের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনাভাইরাসটিতে ইরানের চার জনের মৃত্যু হলো।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইরানে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসে ইরানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজনে, আর আক্রান্তের সংখ্যা ১৮ জনে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর জানান, করোনাভাইরাসে নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। আর দুর্ভাগ্যবশত দুইজন মারা গেছেন।
তবে তাদের বিস্তারিত পরিচয় বা বয়স জানানো হয়নি।
এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার দুই বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ওইদিনই দেশটির স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির আরেক বার্তা সংস্থা আইএসএনএ জানায়, করোনা ভাইরাসে ইরানের দুই জন নাগরিক আক্রান্ত হয়েছেন। পরে কর্মকর্তারা আক্রান্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা বয়স্ক ব্যক্তি।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে নতুন করে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২২৩ জনে। বর্তমানে সারা চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৮৭ জন।
এমবি





