ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে একটি বাড়িতেই কাদার নিচে চাপা পড়েন ১০ জন। তারা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। খবর এনডিটিভির।

শনিবার দিবাগত গভীর রাতে ভূমিধসের এই ঘটনা ঘটে। এদিকে, ব্যাপক বৃষ্টিপাতের ফলে গতরাতে ঝিলাম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে, এখন বৃষ্টিপাত বন্ধ হওয়ায় পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে।

উল্লেখ্য, মাত্র মাস ছয়েক আগেই ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত উভয় কাশ্মীরে ভয়াবহ বন্যা হয়। এতে ভারত অংশেই মারা যান ২৫০ জন, কয়েক হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়।

সোমবার কাশ্মীরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রাদেশিক সরকার বন্যা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গতদের জন্যে ত্রাণ সংরক্ষিত রেখেছেন বলে ঘোষণা দিয়েছেন।

এদিকে কাশ্মীরের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, গত সেপ্টেম্বরে যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, তা আবারো আমরা দেখতে চাই না।

কাশ্মীরের শ্রীনগরে প্রায় একশত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীকে পাঠানো হয়েছে। থানাগুলোতে কাঠের নৌকা সরবরাহ করা হয়েছে, যাতে করে তারা উদ্ধার তৎপরতা চালাতে পারে। ভূমিধসের কারণে সোমবার কাশ্মীরের শীতকালীন ও গ্রীষ্মকালীন রাজধানী জম্মু ও শ্রীনগরের মধ্যে মহাসড়কটি বন্ধ রাখা হয়েছে টানা তৃতীয় দিনের মতো।

তবে, বৃষ্টিপাত এখন কমলেও আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ছয় দিন ধরে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

এমএ